মণিহারা

 #মণিহারা

#রাণুশীল

আমার অভিজ্ঞতায় ছোটো বেলায় মানুষ যে অনুভূতিটা প্রথম অনুভব করে,সেটা --ভয়। প্রথমে জোর করে দুধ খাওয়ানোর ভয়, তারপর বকুনি খাওয়ার ভয়, এরপর একেএকে পড়ার ভয়, ভুল করার ভয়, রেজাল্ট খারাপের ভয়, দেরি করে বাড়ি ফেরার ভয় --- এর মধ্যে "ভূতের ভয়"- এর স্থান বোধহয় একটু কম্ফোর্ট জোনে, কারণ,আমরা সেধে ভূতের গল্প শুনি---- ভয় পাই----এবং প্রায় রূপকথা শোনার আনন্দ পাই।

সেই ছোটো বেলায় মণিহারা পড়ে ভীষণ ভয় পেয়েছিলাম। তবে সেই থেকে ভূতের গল্পের আকর্ষণটাও যেন তৈরি করে দিয়েছিলেন, আমার প্রাণের ঠাকুর।

রাতের ট্রেনে যাচ্ছি দেরাদুন, অফিসের কাজে। ফার্স্টক্লাসে। থাকতে হবে কয়েকটা দিন, তাই সঙ্গে বেশকিছু ভূতের গল্পের বই,--তারই একটা খুলে গুছিয়ে শুয়েছি লোয়ার বার্থে । ট্রেনটা দাঁড়িয়ে গেল। কিছু একটা স্টেশন এলো যেন। 

ট্রেনটা অসম্ভব ফাঁকা,খুবই আশ্চর্য,তবুও 
আমল দিলাম না। আমি যে সিটটা পেয়েছি, সেটার পাশের সিটে কেউ নেই, আমার ওপরের বাঙ্কেও নেই। শুধু কোনাকুনি ওপরের সিটে, একজন শুয়ে আছে। 

আমি যখন গল্পে মগ্ন তখন একটা গলার শব্দে চমকে উঠলাম,
---- কি পড়ছেন?

চমকানো ভাবটা সামলে উঠে বললাম,
---- এই ! একটা গল্প....

---- ভূতের গল্প?

আবার চমক,--কি করে জানলো ? মলাট দেওয়া বই-- গা টা কেঁপে উঠলো, ভালো করে তাকালাম, বয়স পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ। সুঠাম সুন্দর চেহারা, একমাথা কাঁচাপাকা চুল। চোখে ধোঁয়াটে কাচের চশমা। বললাম,
---- হ্যাঁ আমি পড়তে ভালোবাসি----

ভদ্রলোক গম্ভীর হয়ে গেলেন। বললেন,
---- দেখেছেন কখনও? 

---- কি?? 

----- ভূত?

----- নাঃ

----- ইচ্ছে আছে?

----- পারবেন দেখাতে?

---- কোথায় যাচ্ছেন ? দেরাদুন নামবেন ?

---- হ্যাঁ 

একবার ঘড়ির দিকে তাকিয়ে বললেন,

---- সময় আছে

---- কিসের ?------ অবাক হয়ে প্রশ্ন করি--

রহস্যময় হেসে তিনি বললেন,

------এই ! ভূত দেখানোর !----আসলে ভূত নিয়ে ভাবলে জীবন্ত মানুষের সাথে একটা ব্রিজ তৈরি হয় ভূত লোকের। তাই ওরা সুযোগ পায় যোগাযোগের।

উনি গুছিয়ে বসে গল্প শুরু করলেন।
---" গ্রামের নাম সাতমহলা। সাতমহলা এক জমিদার বাড়ি আর তার ঠাকুর বাড়িকে কেন্দ্র করে, একে একে নানাধরনের মানুষের বসবাস এখানে। বেশিরভাগ কৃষক, এছাড়াও তাঁতী, কুমোর, কামার । কালে কালে বেড়ে গিয়ে গ্রামটা বেশ বড়ো আকার ধারণ করেছিল। বড়ো রাস্তা থেকে তমাল তলির মাঠ পেরিয়ে, যেতে হত সাতমহলা। মাঠের ওপর একটা পায়েচলা রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। তাই চাঁদের আলোয় পথ চলতেও অসুবিধে হতনা। সে বাড়ির ছোটো ছেলে পড়তো কলকাতার কলেজে।

একদিন এরকমই রাতের ট্রেনে সে বাড়ি ফিরছিল। তার বাঁ হাতের তর্জনীতে একটা বড়োসড়ো রুবি বসানো আংটি থাকতো। যেদিনই রাত হত, সে আংটিটা খুলে গোপন পকেটে রেখে দিত। সেদিন সন্ধ্যবেলা ট্রেন থেকে বীরপুর স্টেশনে নামতেই বুঝলো, আকাশের অবস্থা ভালো নয়। দেখলো বাড়ি থেকে কেউ আসেনি গাড়ি নিয়ে।

কি ব‍্যাপার ভাবতে ভাবতে চলেছে সে।


এবার আমার সময় হলো। উঠলেন ভদ্রলোক, বললেন,--আসি---


বললাম.-- কৈ, দেখালেন না??

তিনি হাসলেন,--ম্লান হাসি। বললেন,--ভূত খুব এনটারটেইনিং না ? মনে রাখবেন,-- ওটা যেমন ভূত তেমন ভবিষ্যতও---আজ যে জীবীত কাল সে------
চশমাটা খুলে আমার দিকে তাকালেন,!!!!!

শরীরটা মিলিয়ে যেতে যেতে ওর দুটো মণিহারা চোখ যেন--- হা--হা --শব্দে হেসে উঠলো।


(সমাপ্ত)


Comments

Popular posts from this blog

বৃষ্টি এলো

জাতক