চিঠির ইতিকথা
#চিঠির_ইতিকথা
#রাণুশীলআষাঢ়স্য প্রথম দিবসে মেঘমাশ্লীষ্টসানুম্।
বপঃক্রীড়া পরিণত গজঃ প্রেক্ষণীয়ম্ দদর্শ।।
-------সেই যে মেঘদূতের প্রথম শ্লোকটি আমার মধ্যে বর্ষার মেঘের একটা ছবি গেঁথে দিয়েছে , আজ জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেও সে ছবি এতোটুকু ম্লান হয়নি। নির্বাসিত যক্ষরাজের বিরহ বেদনা তার প্রিয়ার কাছে পৌঁছে দিতে তিনি অনুরোধ করেছেন মেঘকে।
সে এক অনবদ্য মৌখিক চিঠি------
প্রণম্য কবি কালিদাস অসামান্য দক্ষতায় বিরহকাতর যক্ষের মুখে রামগিরি পর্বত থেকে অলকাপুরী পর্যন্ত ভৌগোলিক বিবরণ দিয়েছেন। যা পড়লে ভারতবর্ষকে ভালোবাসবেনই পাঠক।
সেই থেকে, জানেন প্রিয় পাঠক ! সেই থেকে আমার কাছে চিঠি এবং বর্ষার মেঘ, ভীষণ প্রিয়।
ফল হলো কি ! বর্ষা এলেই আমার চিঠি লিখতে ইচ্ছে করে। আর চিঠি লিখতে বসলেই আমি দার্শনিক হয়ে যাই।
------না না পাগল বা কমলাকান্ত ভাববেন না পাঠকগন ! আমি নিতান্ত সজ্ঞানেই লিখছি । "দার্শনিক বোধ" কি আর বলেকয়ে আসে ? সে আসে তার খুশিতে। আমার এক জ্যাঠামশাই ছিলেন, তিনি ট্রেনে বসলেই দার্শনিক হয়ে যেতেন, অতীতে চলে যেতেন। ভাবতেন, প্রথম যেদিন ট্রেন চললো, তার যাত্রীরা কি ভেবেছিল ? তাই হামেশাই গুলিয়ে ফেলতেন নামার স্টেশন।
বাবার এক হোমিওপ্যাথি ডাক্তার বন্ধু ছিলেন, তিনি আবার বাতের ব্যথার রুগী দেখলেই দার্শনিক হয়ে যেতেন, ভাবতেন, বাত কি শুধু শরীরেই হয় ? মনে হয় না ? অসার মন, সে কি বাতের থেকে কম কিছু ?
তাই বলছি পাঠকগন, এ অধমও দার্শনিক হয়ে
ওঠে, চিঠি লিখতে বসলেই।
আজ মনে হলো, আচ্ছা যখন অক্ষর টক্ষর আবিষ্কার হয়নি তখন কি মানুষ চিঠি লিখতো না ? লিখতো বন্ধু লিখতো। "আপন মনের মাধুরী মিশায়ে" তারা ভাবের আদান প্রদান করতো। কখনও তীক্ষ্ণ শলাকার আঁচড়ে, কখনও বা ছবি এঁকে।
রুড ইয়ার্ড কিপলিং তাঁর "How the first letter was written" -এ শোনালেন একটি গল্প।
পাহাড়ের একটি গুহায় থাকতো একটি পরিবার। তেজুমাই , তার স্ত্রী তেসুমাই আর তাদের ছোট্টো মেয়ে টাফি। একদিন তেজুমাই মেয়েকে নিয়ে গেল ওয়াগাই নদীতে মাছ ধরতে, বাড়ি থেকে অনেক দূরে। সেখানে ওদের মাছ ধরার বর্শাটি গেল ভেঙে, তেজুমাই তো পড়লো ভীষণ বিপদে। ছোট্টো মেয়ে টাফি, সে অতো দূরে গিয়ে ফিরে আসতে পারবে না। মাছও তাকে নিয়ে যেতেই হবে। ছোট্টো টাফি এমন সময় একটি লোককে দেখতে পেল। কিন্তু সে ছিল অন্য ভাষাগোষ্ঠীর লোক। সে কিছুতেই বুঝতে পারলো না তার কথা। তখন গাছের ছাল ছিঁড়ে নিয়ে তার ওপর হাঙরের দাঁতের আঁচড় কেটে এঁকে দিলো তাদের গুহা, তার ও তেজুমাই-এর মুখ, ভাঙা বর্শার ছবি নদী ---সবকিছু। লোকটি ছবি দেখে দেখে গিয়ে পৌঁছোলো সেখানে। কিন্তু তেসুমাই ভাবলো, লোকটা পাজি, সে কেঁদে কেটে লোকজন জড়ো করে তাকে পেটালো। পরে অন্য একটি লোকের মধ্যস্ততায় তারা বুঝলো। তখন সবাই আর একটি বর্শা নিয়ে নদীর তীরে গেল।
লিপি আবিষ্কারের প্রথম যুগে মানুষ তাদের জীবনযাত্রা, উৎসব,গান ----এসব নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে নানা পদ্ধতির প্রয়োগ করতো। মাটি,পাথর,ধাতব পাত-এর ওপর তীক্ষ্ম শলাকা দিয়ে আঁচড় কেটে মনের ভাব ফুটিয়ে তুলতো।
সে যুগে ব্যাবিলনীয়রা তাদের জ্যোতির্বিদ্যার
সমস্ত পর্যবেক্ষন ফুটিয়ে তুলতো মাটির ফলকে। চীনারা পাথরের ফলকে খোদাই করতো নানা চিহ্ন। এইসব প্রতীকচিহ্ন তারা আহরণ করতো প্রকৃতি থেকেই। আগুন,জল, স্থলচর জলচর প্রাণী, নভচর পাখি ইত্যাদি। এভাবেই আস্তে আস্তে শব্দ ও লিখিত বর্ণ এলো।
প্রাচীন ইতিহাসবিদ্ হেলানিবাস- এর সাক্ষ্য প্রমাণ অনুসারে প্রথম হস্ত লিখিত পত্র সৃষ্টি হয়েছিল, খ্রিস্টপূর্ব পাঁচশ শতকে। লিখেছিলেন পারস্যের রাণী আবোসা। তিনি ছিলেন রাজা সাইরাসের কন্যা এবং পারস্য সম্রাট জার্ক্সেস-এর মাতা। তাঁর এই চিঠি নাকি অনেক মানুষকে প্রেরণা দিয়েছিলো।
কিছু কিছু চিঠি তো ইতিহাস রচনা করেছে।
হিটলারের সময় ইহুদী হওয়ায় দেশ ত্যাগ করতে হয়েছিল আইনস্টাইনকে। তিনি আমেরিকায় গিয়ে, সেখানেই থেকে যান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে তিনি আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্টকে একটা চিঠিতে, জার্মানির অস্বাভাবিক ক্ষমতা সম্পন্ন এক বোমা তৈরির ইঙ্গিত দেন। তাঁর সেই চিঠির সূত্রধরেই ম্যানহাটন প্রজেক্ট শুরু হয়।
আইনস্টাইন এর আর একটি চিঠিতে তিনি বন্ধু মাইকেল বেসোকে একটি চিঠি লিখে তাঁর আপেক্ষিক তত্ত্ব আবিষ্কারের জন্য উচ্ছ্বাস প্রকাশ করেন। সে চিঠি নিলাম হয়েছিল।
মাইকেল মধুসূদন দত্ত বিদেশে পাড়ি দেওয়ার সময় জাহাজ থেকে বিদ্যাসাগরকে চিঠি লেখেন। আবার বিদেশে অর্থকষ্টে পড়েও চিঠি লেখেন তাঁকে।
মধুসূদন দত্তের একবার চাকুরী প্রার্থী হওয়ার ইচ্ছে হলো,
কোচবিহারের রাজা নরনারায়ণ কে চিঠি লিখলেন, ম্যাজিস্ট্রেট পদের জন্য, সে এক রাজকীয় আবেদন পত্র।
সিরাজউদ্দৌলা এক আর্মেনীয় বণিক, খোজা ওয়াজিদকে লিখলেন,এক ঐতিহাসিক চিঠি। তাতে জানা যায় তাঁর ইংরেজদের প্রতি বিরক্তির কারণ। শোনা যায়, আসন্ন পলাশির যুদ্ধের দামামা। (সূত্র----অক্ষয় কুমার মৈত্রের "সিরাজউদ্দৌলা"-গ্রন্থের 'কলকাতা অবরোধ')
ঔরঙ্গজেব তাঁর মুন্সি, ইনায়েৎউল্লাহকে দিয়ে মুর্শিদকুলি খাঁ-কে চিঠি লিখিয়েছিলেন, বাংলার রাজস্ব পাঠানোর জন্য। বোধহয় অর্থকষ্টে পড়েছিলেন বাদশাহ্। (সূত্র------ফরাসি ভাষা থেকে যদুনাথ সরকারের তরজমা)
ব্রিটিশ কুঠির চিঠি পত্রে ফোর্ট থেকে হ্রদ পর্যন্ত, মারাঠা ডিচের উল্লেখ আছে, যা এখন কলকাতা জেনারেল পোস্ট অফিস তা তখন ক্যালক্যাটা ফোর্ট ছিলো। আর হ্রদ বলতে এখন সল্টলেক। রোমাঞ্চিত লাগে, যখন ঐ জায়গাগুলোয় পা রাখি। কতো ইতিহাস নীরবে কথা বলে---(সূত্র--স্যার যদুনাথ সরকার - এর "বর্গীর হাঙ্গামা")
ওয়ারেন হেস্টিংস এক দুপুরে খবর পেয়েছিলেন একটা ছোট্টো চিরকুটে, যার মধ্যে লেখা ছিল কোচবিহারের রাজাকে বন্দি করে ভুটানে নিয়ে যাওয়ারর কথা। চিরকুটটি দিয়েছিলেন এক সংবাদ বাহক। হেস্টিংস্ রাজাকে সাহায্য করলেন, কিন্তু বন্ধুত্বের বিনিময়ে। অর্থাৎ কোচবিহারের ওপর অধিকার কায়েম হলো ইংরেজের।
জওহর লাল নেহেরু এলাহাবাদ থেকে লিখলেন তাঁর দশ বছরের কন্যা ইন্দিরা কে। ইন্দিরা তখন মুসৌরিতে। সেই তিরিশটি চিঠির সংকলন, "Letters from a father to his daughter " নামে খ্যাত। চিঠিগুলির মূল বক্তব্য ছিল,
" human and natural history "
বিবেকানন্দ যখন শুনলেন, মিস্ মার্গারেট নোবল্ ভারতে আসতে চান, তখন আলমোরা থেকে চিঠি লেখেন, তাঁর এই প্রিয় শিষ্যাকে। ভারতের অনেক অসুবিধের কথা জানিয়ে। তিনি চাননি, কোনোভাবেই, মার্গারেট ভ্রান্তির স্বীকার হোন।তখনও তিনি নিবেদিতা নাম পাননি। চিঠিতে ইংরেজ--ভারতীয় সম্পর্কের একটা ধারণা মেলে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে লেখা দুই সৈনিকের চিঠি কি করে যেন চলে যায় বোস্টনের নিলাম হাউজে।ওগুলো লিখেছিলেন লরেন্স প্রাইস ও তার ভাই। তাদের মা ও নানীকে। মিউরেল ম্যাকেঞ্জি নামে এক মহিলার কাছে চিঠি গুলো ছিল। তিনি মারা যাওয়ার সময় তার বোন ফার্ন জর্ডানকে, পরে আবার জর্ডান দিয়ে যান নাতনী নাতাশাকে। অবশেষে ফেসবুকের মাধ্যমে খোঁজ মেলে প্রাইসের দুই ছেলের। সত্তর বছর পরে সেই চিঠি সঠিক ঠিকানা পেল। (গুগুল)
এছাড়া "চিঠি" বাংলা সাহিত্যের ক্ষেত্রেও দেখা গেছে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
বঙ্কিমচন্দ্রের রাধারাণীতে যদি বসন্তকুমারী ঐ দুটি লাইন না লিখতেন তবে মধুরেন সমাপয়েৎ হতো কি উপন্যাসটির ?
মধুসূদন দত্তের বীরাঙ্গনাদের মনের ক্ষোভ কি জানতে পারতাম ? যদি না পত্রকাব্য লেখা হতো?
রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রীর পত্রে কি চিঠির মর্ম আমরা বুঝিনি?
এক্ষেত্রে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রসময়ীর রসিকতার চিঠিকে কি বাদ দেওয়া যায় ?
বুদ্ধদেব গুহর "মহুয়ার চিঠি", থেকে শুরু করে
নিমাই ভট্টাচার্যের "মেম সাহেব",
শৈলজা মুখোপাধ্যায়ের "ক্রৌঞ্চমিথুন" আরো কতো পত্রসাহিত্য উপহার পেয়েছে বাংলা।
বিশেষতঃ জনপ্রিয় গোয়েন্দা কাহিনীগুলি তেও চিঠি একটা বড়োসড়ো জায়গা অধিকার করে আছে। মনে পড়ে ! সোনার কেল্লার মুকুলের বাবার সেই চিঠি ? যাতে ফেলুদার আসার খবর পেয়ে যায় দুষ্কৃতিরা। অথবা ব্যোমকেশের গল্পে যেখানে চিঠিতে সংকেত রেখে যান বাবা। অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুরের "পায়ে ধরে সাধা---রা নাহি দেয় রাধা"--- ভোলা যায়না কোনো দিন।
আমার ছোটো বেলায় দেখেছি ঠাকুমার এক দূর- সম্পর্কীয় বোন ছিলেন, নীলু মাসী। তাঁর অক্ষর জ্ঞান ছিলোনা। তবে সেলাই করতেন খুব ভালো। তিনি থাকতেন ব্যান্ডেলে, আমাদের বাড়ি ছিলো চুঁচুড়ায়। উনি একাই ট্রেনে যাতায়াত করতেন। কাকা ছিলেন হুগলীর স্টেশন মাষ্টার। প্রতিবার যাওয়ার সময় কাকা ট্রেন তুলে বলে দিতেন,
-------ঠিক করে নেমো মাসী----
একবার নীলুমাসী বললেন,
------- তোদের লেখার একটা খড়ি দে তো-----
কাকা দিলেন, নীলুমাসী হেসে বললেন,
----ফিরতি ট্রেনে লক্ষ্য রাখিস-----
কাকা অপেক্ষা করেন ট্রেন ফিরবে, ট্রেন যখন ফিরলো দেখলেন ট্রেনের গায়ে একটা কল্কা আঁকা। কাকা বুঝলেন, মাসী পৌঁছে গেছেন।
এক অভিনব চিঠি সৃষ্টি করলেন মাসী।
চিঠিতে প্রেরকের বেশ একটা চরিত্র ফুটে ওঠে।
এবিষয়ে একটি চিঠির উল্লেখ না করলেই নয়। প্রখ্যাত কবি ভিক্টর হুগো তাঁর বিখ্যাত "Les miserables" কেমন বিক্রি হচ্ছে জানতে চেয়ে বিশ্বের ক্ষুদ্রতম চিঠিটি লিখলেন তাঁর প্রকাশককে
---- "? "
প্রকাশক বুঝলেন, এবং তাঁর ভাষাতেই উত্তর দিলেন,
-----" ! "
অর্থাৎ আশ্চর্যজনক।
চিঠির কাগজ, চিঠির ভাষা, চিঠির খাম, সব মিলিয়ে চিঠি বেশ আবেগপূর্ণ ব্যাপার। কেউ কেউ চিঠিতে সুগন্ধি ব্যবহার করতেন। রঙিন খাম খুলে রঙিন কাগজে সুগন্ধি চিঠি পড়তে কার ভালো না লাগে !!
চিঠির প্রসঙ্গে যার কথা না বললে অসম্পূর্ণ থেকে যায়, তিনি হলেন পত্রবাহক। কিন্তু এই পত্রবাহকের কথায় প্রথমেই যাঁর কথা মনে পড়ে, তিনি পারাবত। সেই যে কবে থেকে এই পাখি মানুষের মনের কথা বয়ে বেড়াচ্ছিলো, ভাবলে অবাক লাগে। মানুষ যে কতো ভাবে পশু-পাখির বুদ্ধিকে, শক্তিকে কাজে লাগিয়েছে, এটা তার অন্যতম উদাহরণ।
শের শাহের আমলে ডাক ব্যাবস্থা চালু হয়ে ছিল ঘোড়ার পিঠে, ---সেই সময়কালের রাণার, থেকে--- একালের পিওন, কি করে যেন তারা মানুষের সুখ-দুঃখের সাথে জুড়ে যেতেন। কোনো বাড়িতে সুখের খবর পৌঁছে দিলে আনন্দ পেতেন, আবার খারাপ খবর হলে কষ্টও পেতেন। যারা পড়তে পারতেন না তাদের পড়ে শোনানোও ছিল তাদেরই অলিখিত কাজ।
তাই বলছি পাঠকগন, চিঠির মূল্য আগেও ছিল এখনও আছে, পরেও থাকবে। আর আমার দার্শনিকত্বের অত্যাচার চলতেই থাকবে। আমি আবার চিঠি লেখায় বিশ্বাসী।
******************************************
তথ্যসূত্র----- অক্ষয় কুমার মৈত্রের গ্রন্থ
যদুনাথ সরকারের গ্রন্থ
গুগুল ও কিছু পাঠ্য পুস্তক।
কৃতজ্ঞতা-------- আমার পরম শ্রদ্ধেয় মাতুল
শ্রী নির্মাল্য মন্ডল ও আমার
ভ্রাতৃপ্রতীম শৌভিক গাঙ্গুলী।
Comments
Post a Comment