উল্কা
#উল্কা>>>>>>>>>
#রাণুশীল>>>>>>>>>>
সেদিন সকালে খবরটা পাওয়া মাত্র ফোন করলাম
স্বাতীদিকে---কিরে শুনেছিস তো! তোরা বাড়িতে থাকবি তো! আজ তোদের বাড়ি থাকবো।
উল্টো দিক থেকে ভেসে এলো, স্বাতীর ব্যাস্ত কন্ঠ,----- তা তো থাকবি, বলে বলে তো আনা যায় না। তবু উল্কা বৃষ্টির কল্যানে আসবি।চলে আয়, আর শঙ্খ,কি কি খাবি বল তো !
********************
আকাশে নাকি আজ রাতে দেখা যাবে উল্কা বৃষ্টি। যখন কার কথা বলছি তখন ও ফ্ল্যাটবাড়ির স্পর্ধা আকাশ ছোঁয়নি। স্বাতীদির ছাদ থেকে আকাশটা অবারিত। চোখ বাধা পায়না কোথাও।
বিকেল নাগাদ মোটর সাইকেল নিয়ে হাজির হলাম। যাওয়া মাত্রই অভ্যর্থনা জানাল ওদের আদরের ভৌ নাদুস। ওকে আমি একটু এড়িয়ে চলি।
ছাদে মাদুর-টাদুর, খাবার-দাবার, জল, চাদর সব নিয়ে গুছিয়ে বসা গেল। অনেকের ছাদেই বেশ জনসমাবেশ। আলো-টালো নিভিয়ে দেওয়া হলো। চাঁদের যে এতো আলো আগে লক্ষ্য করিনি।
সবমিলিয়ে বেশ উৎসব উৎসব ভাব।
সামনের রাস্তায় পর পর গোটাছয়েক গাড়ি,
মহাকাশ গবেষণা সংস্থা থেকে ওরা এসেছে। ওরাও যন্ত্রপাতি গুছিয়ে রেডি। ক্রমশ রাত বাড়ছে। সঙ্গে সবার কৌতুহলও। শুধু দিদির ছেলে ছাদে খেলে বেড়াচ্ছে, অন্যদিন ও এই স্বাধীনতা পায়না।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে এদিক ওদিক থেকে চিৎকার ভেসে আসতে থাকে,----ঐ যে!! ঐ যে! ঐ দিকে---ঐযাঃ---দ্যাখ্ দ্যাখ্---
এপাশে---ওপাশে----
নেড়ে নেড়ে ঘার ব্যাথা, সবাই দেখতে পাচ্ছে? আশ্চর্য !! আমি দেখতে পাচ্ছি না কেন?
হঠাৎ ই আমার পায়ে কি যেন একটা ছিটকে লাগলো। তুলে দেখি একটা ঢিল মতো, বেশ একটু অন্য রকম। একটা বৈশিষ্ট্যপূর্ণ কিছু। আমি চেঁচিয়ে উঠি ------ উল্কার টুকরো!!------উল্কার টুকরো-----
অন্ধকারে কতকগুলো কৌতুহলী শব্দ, নিজেকে বেশ নায়ক নায়ক লাগছিল। সবাই বললো ----রেখে দিন ভাই,---দেখব দেখবো--- স্বাতীদি তাকালো আমার দিকে, ও আমায় হাড়ে হাড়ে চেনে।
দিদির ছেলেটা আমার চারপাশে কি যেন খুঁজছিলো, আমার হাতের দিকে তাকিয়ে বলে উঠলো, ----আমার ঘুঁটি ---আমার ঘুঁটি--
দাও না--এ্যাঁ--এ্যাঁ---
আমি তাড়াতাড়ি মুখে হাত চাপা দিই,---
---চুপ চুপ---কাল তোকে বল কিনে দেব। এটা আমায় দে!! ও অবিশ্বাসী চোখে তাকিয়ে রইলো,
মনে হয় বলে দেবে--- তাই আমিই বলে দিলাম
আগেভাগে।
Comments
Post a Comment