সে অপেক্ষায় আছে
সে অপেক্ষায় আছে
রাণু শীল
খুব তাড়াতাড়ি উঠছিলাম সিঁড়ি দিয়ে। আসতে বেশ দেরি হয়ে গেছে। তার মধ্যে দুটো ঢাউস ট্রলি।
প্লাটফর্মে পা রাখতেই মধুর বচন কান জুড়িয়ে দিল। "কৃপয়া ধ্যান দেঁ, 11448 আপ শক্তিপুঞ্জ এক্সপ্রেস তিন বাজকর তেরা মিনিট পে, দো নম্বর প্লাটফর্ম পর আ রহে হ্যায়"।
সময় আর নম্বর মিলিয়ে ট্রেন এসে গেল। এই মাঝের স্টেশনগুলোয় কোচ খুঁজে ওঠা বেশ ঝকমারি। কিন্তু দুর্গাপুরে খুব অসুবিধে হয় না। কোচটা আমার সামনে এসেই দাঁড়িয়ে গেল। দরজায় এক সুন্দরীকে দেখে আমি মহানন্দে ঝাঁকুনি দিয়ে ট্রলি দুটোকে তুলে, নিজেও উঠে পড়লাম, স্মার্টলি। সুন্দরী সরে গিয়ে পথ করে দিলেন। আমি ঘাড় ঝাঁকিয়ে "থ্যাঙ্কস্" বলতে গিয়ে দেখলাম উনি উল্টো দিকে তাকিয়ে আছেন।
তা যাগ্গে! আমার আপার বার্থ। বরাবরই নিচে থাকাই পছন্দ আমার। কী…আর…করা…যাবে ভেবে ট্রলিদুটো নিচে ঢুকিয়ে বসেছি। চোখ গেল সামনের সিটে।
এক ভদ্রলোক চোখ বন্ধ করে বাবু হয়ে বসে আছেন। ট্রেন ছেড়ে দিল। এসব স্টেশনে বেশিক্ষণ দাঁড়ায় না। দু'মিনিটের মধ্যেই বেশকিছু প্যাসেঞ্জার উঠলেন। ভদ্রলোক গুনগুন করছেন। "ইফ ইউ মিস দ্য ট্রেন আই এ্যাম অন…"
কাঁচাপাকা চুলে পনিটেল। স্টাইল করে রাখা দাড়ি। স্টাইলের দাড়ি আর পনিটেল আমার বেশ পছন্দ। একটা ইন্টেলিজেন্ট, কেয়ারলেস লুক দেয়। কপালের তিনটে গভীর ভাঁজে আভিজাত্য। একটা কালো শালে গা ঢাকা ! চশমাটা গলা থেকে ঝুলছে। বয়স আন্দাজ করা কঠিন। বিয়াল্লিশ ধরতেই ভালো লাগল।
একটি সদ্য গোঁফ কামানো ছেলে এসে বলল, "নিচের সিটটা আমার দাদির ছিল। উনি পাশের কুপে, আমি কি ওপরের সিটটা পেতে পারি ?"
হাতে চাঁদ পেলাম। তার বোধহয় একটি কারণ সামনের মানুষটি। খুব ইচ্ছে হলো, আলাপ করার।
নিশ্চিন্তে ধরাচূড়ো ছেড়ে একটা মোটাসোটা চাদর জড়িয়ে আরাম করে বসলাম। ট্রেন ছুটছে সবুজের মধ্যে দিয়ে। পড়ন্ত বিকেলে আলো কেমন করুণ হয়ে যায়, যেন বিদায়ের সুর… আমি দেখতে ভালোবাসি। 'আবার এসো' বলতে ইচ্ছে করে। আজ আমার চোখ সামনের সিটে।
ভদ্রলোকের ভ্রূক্ষেপ নেই। উনি আপনমনে ধ্যানমগ্ন-বন্ধ-চোখে…
"লর্ড আ-এ্যাম থ্রী! লর্ড আ-এ্যাম ফোর…" গলার স্বর ধীর-গম্ভীর।
এই সময় একজন হোমরা চোমরা লোক, বেশ সোরগোল তুলে ওপরে উঠে বসলেন। সেই শব্দেই কি না! কে জানে, ভদ্রলোক চোখ খুললেন। চশমাটা পরে বাইরে তাকালেন। চারিদিকে তাকিয়ে, আমার ওপর এসে চোখদুটো থামল।
খানিকটা অপ্রস্তুত আমি। চোখাচোখি হতে হাসলাম। উনি মনে হলো, আমার অস্বস্তিটা বুঝেই, সিগারেটের প্যাকেট বের করে আমার দিকে এগিয়ে দিলেন। দেখলাম, বিদেশি ব্র্যান্ড! "পল মল"। নিলাম একটা। এ.সি.তে সিগারেট খাওয়া যায় না। আসলে ট্রেনেই খাওয়া যায় না। আমরা উঠে বাইরে গেলাম। বললাম,
"গন্তব্য কী ?"
"আপাতত সরাইগ্রাম। পরে ভাবা যাবে।"
আশ্চর্য! তারমানে নির্দিষ্ট গন্তব্য নেই। বললাম,"আমি যাব চোপান"
আবার গুনগুন করলেন, "এ্যাওয়ে ফ্রম হোম, এ্যাওয়ে ফ্রম হোম…"
আমার খুব কৌতূহল হলো, মনে হচ্ছে, কিছু পিছুটান নিয়েই যাচ্ছেন। অল্প বয়স হলে ভাবতাম পালাচ্ছেন, কিন্তু এই মধ্য বয়সে… একজন অভিজাত মানুষ…! বুঝতে পারছি না কথা কীভাবে চালাব!
শুরু করলাম, "চলুন ভেতরে যাওয়া যাক। এই ট্রেন ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, তাই না ? কত মানুষ যে কতরকম কাজে বা অকাজে চলেছেন, এক একজন মানুষের এক একরকম…"
বলামাত্রই, এক মহিলা বেশ বিরক্ত হয়ে ওঁর স্বামীকে ধমকালেন, "উঃ ! গুছোবার সময়ই বলেছিলাম, একটা চাদর নাও! চাদর নাও ! এখন কোথায় পাব ! যা আছে তাতেই শোও !"
স্বামী ভদ্রলোক বললেন,"এ্যাঁ! কী বলছ ?"
ভদ্রমহিলা আগুনঝরা দৃষ্টি দিয়ে হাত নেড়ে বুঝিয়ে দিলেন, চাদর নেই। একেই নাকি বলে দাম্পত্য প্রেম! প্রেমের এমন অকালমৃত্যু দাম্পত্য ছাড়া আর কোথায় ?
মুখ ফিরিয়ে দেখি, সামনের ভদ্রলোক আমার দিকে তাকিয়ে আছেন। হাসলেন,
"আপনি ?"
"রিপোর্টার, সমাচার দর্পণ"
"নাম তো ঐতিহাসিক, তা কী লেখেন ?"
"আমাদের কাজটা একটু অন্য। আমরা, ভিন্নতর ব্যক্তিত্বের কথা জানাই। সমাজের বস্তাপচা ধ্যানধারণা থেকে মানুষকে বার করার চেষ্টা করি।"
ভদ্রলোক কেমন যেন, অন্যমনস্ক হয়ে গেলেন। একটু পরে আত্মগত স্বরে বললেন,
"এ্যাপ্লায়েড এথিক্স জানা আছে ? বিষয়টা অবশ্য বিদঘুটে।"
"সেটা কী?"
"এথিক্স হলো নীতিশাস্ত্র। আর এ্যাপ্লায়েড এথিক্স হলো, ফলিত নীতিশাস্ত্র। জীবনের সমস্যার ক্ষেত্রে, নীতিগুলো এক না থেকে, কিছুটা পরিবর্তিত হয়ে যায়। এ যুগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। উনিশশো উনআশি সালে, পিটার সিঙ্গার বলেছিলেন। কিন্তু যুগ দ্রুত এগোচ্ছে। তাই ব্যাপারটা ঐখানেই থেমে থাকলে হচ্ছে না। যুগের সাথে মানুষের জীবনধারা, মানসিকতা, দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। বদলাচ্ছে মূল্যবোধের সংজ্ঞাও…"
এতক্ষণে বেশ অন্ধকার ভেতরে। দু'একটা আলো জ্বলে উঠল। বাইরেটা এখনও আলো আলো। শীতকালে অন্ধকার, বলিষ্ঠ কিশোরের মতো এক লাফে নেমে আসে। আমাদের ওপরের দুটো বার্থে কোনো শব্দ নেই। আমি আগ্রহ নিয়ে বললাম,
"হ্যাঁ, তা তো বদলাচ্ছে।"
"হুঁ, কিন্তু যে বদলাবার চেষ্টা করছে, সে বদলটা নিজের কাছেই এক্সেপ্টেবল হয় না অনেক সময়। 'অ্যাপ্লায়েড এথিক্স' কিম্বা 'মেটা এথিক্স' যে যাই বলুক। এই মন আর মূল্যবোধের যন্ত্রণা যখন অসহ্য হয়ে ওঠে, এথিক্স একটা ছেলেখেলা হয়ে দাঁড়ায়। ঠিক-ভুল, ন্যায়-অন্যায় সব একাকার যায়।"
লক্ষ করলাম, চোখদুটোতে যেন যন্ত্রণা…
আমার বলার কিছু ছিল না। শুধু অপেক্ষা করছিলাম! মন বলছিল একটা গল্প আছে। কিছুক্ষণ নীরবতা… তারপর…
*******
– "দেবব্রত সান্যাল। রোজ সকালে এক কাপ কফি বানিয়ে নিয়ে এসে বসে লাইব্রেরিতে। এ ওর বহুদিনের অভ্যাস। রিটায়ারের পর এই লাইব্রেরিতেই কাটাতে ভালো লাগে। সারাবাড়িতে উৎসবের আমেজে, ছোট্ট লাইব্রেরিটা বড় আপন তার। গতকাল অনেক রাত অবধি হৈ হুল্লোড় করে সবাই ঘুমিয়ে পড়েছিল বোধহয়। একটা ফুল-খাবার-পারফিউমে মেলামেশা গন্ধ লেগে ছিল সারাবাড়িতে ! সাত্যকি বেশ খুশি ছিল কাল। ছেলের সাথে কেমন যেন দূরত্ব সৃষ্টি হয়ে গেছে দেবব্রতর ! অবশ্য কবেই বা দূরত্ব না ছিল ! শুধু সেই সাড়েতিন কিলোর তুলতুলে পুতুল যখন ছিল, লেপ্টে থাকত গায়ে…
অম্বালিকা, মেয়েটি বেশ সপ্রতিভ। এ বাড়িতে থাকবে এবার। হিসেব মতো এখন সে এ বাড়ির মেম্বার। 'হিসেব মতো' ! আসলে বাড়ির একটা সামগ্রিক প্রাণ থাকে। সবাই মেম্বার হতে পারে না। অথবা সবার বাড়ি হয়ে উঠতে পারে না। আসলে দেবব্রতর নিজেরই এই লাইব্রেরিটা ছাড়া কিছু বা কেউ নেই এ বাড়িতে।
"আসতে পারি?"
একটা মিষ্টি স্বর চমকে দিল ! দরজায় এসে দাঁড়িয়েছে অম্বালিকা। প্যান্ট আর কুর্তিতে বেশ স্বচ্ছন্দ আর বাচ্চা দেখাচ্ছে। কনের জমকালো সাজগোজ আজকাল আর চোখে ভালো লাগে না। মেয়েটা এসে সামনের চেয়ারে বসার পর দেবব্রতর মনে হলো, ইসস্! আগেই ডাকা উচিত ছিল ওকে ! মৃদুস্বরে বলল,
"এটা আমার লাইব্রেরি। তুমি বই পড়তে ভালোবাসো ?"
"বাসি স্যর, খুব ভালোবাসি! আমাকে এলাও করবেন আপনার লাইব্রেরিতে?"
দেবব্রতর হাসি পেল । এখন ছেলেমেয়েরা অযথা আইনের প্যাঁচে পড়ে, অনিচ্ছা সত্ত্বেও বাবা-মা বলে না। ভালো লাগল মেয়েটিকে। উঠে গিয়ে বইয়ের তাকে চোখ রেখে বলল, " হোয়াট আর ইয়োর ফিল্ড অব ইন্টারেস্ট ?"
"হিস্ট্রি এন্ড মাইথোলজি স্যর।"
সাধারণত এখন এই দুটোতে ছেলেমেয়েরা আগ্রহ দেখায় না। যারা দেখায়, নিঃসন্দেহে তারা স্বতন্ত্র। একটা মিশরীয় মাইথোলজির ওপর রিসার্চ ওয়ার্ক এনে দিল।
"পড়ো, তারপর আলোচনা হবে।"
অম্বালিকা চোখের দিকে তাকিয়ে স্পষ্ট গলায় বলল,"স্যর, এ্যাপ্লায়েড এথিক্স আপনার সাবজেক্ট। কিন্তু কিচ্ছু জানি না, জানতে চাই।"
"ঠিক আছে, কথা হবে কোনও সময়, এখন একটু পড়ব।"
চলে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত বুঝে উঠে দাঁড়াল। চৌকাঠে পা রেখে, একবার ফিরে তাকিয়ে বলল, "এথিক্স ডিপেন্ড অন দ্য সিচ্যুয়েশন। ডোন্ট দে ?"
উত্তর দিল না দেবব্রত। মেয়েটার বুদ্ধি আছে। সাত্যকি যদি মানাতে পারে, ওরা ভালো থাকবে।
****
আবার ভদ্রলোকের চোখ বন্ধ…
"অ্যাওয়ে ফ্রম হোম…অ্যাওয়ে ফ্রম হোম…"
আমার ধৈর্যের পরীক্ষা দেওয়া ছাড়া গতি নেই। এই আমার কাজ !
"...লর্ড আই অ্যাম ফাইভ হান্ড্রেড মাইলস্ অ্যাওয়ে ফ্রম হোম…"
চোখ খুললেন, শূন্য দৃষ্টি। বোধহয় দেবব্রতকে খুব ভালোবাসেন। মৃদু স্বরে আবার…
****
– দেবব্রত তার অবসরপ্রাপ্ত একক জীবন ভরিয়ে তুলেছিল অম্বালিকাকে ঘিরে। কী যেন একটা ভালোলাগা, একটা প্রচ্ছন্ন অপেক্ষা…
মাঝে মাঝে বেশ কৌতুক বোধ করে অম্বালিকার কথায়…!
"তুমি কেন দার্শনিক হলে ?"
"হাঃ হাঃ হাঃ! কেন! দার্শনিক হতে অসুবিধে কোথায় ? জানো! দার্শনিকরা বিপ্লবও আনতে পারে। ফ্রেঞ্চ রিভল্যুশনের কথা জানো তো!"
"তা জানি। আমি তো তোমাকেই দেখলাম, একজন জীবন্ত দার্শনিক। কিন্তু কী বিপ্লব তুমি আনতে চাও?"
"এই যে, তোমার মতো মিষ্টি মেয়েরা দর্শনে আগ্রহী হয়ে পড়লে, জনমত গড়ে তুলতে পারবে, অনেক সমস্যার সমাধান হয়ে যেতে পারে সহজেই ! হাঃ হাঃ হাঃ… আর সিনেমা হলে, উইক এন্ডের ভিড়ও একটু কমতে পারে !"
"স্যর! ভালো হবে না কিন্তু।
আমি বাবা সোজা সরল, নিষ্পাপ বোটানি পড়ি। ঐসব দর্শন-টর্শন খুব গোলমেলে ব্যপার, আর দার্শনিকরা আরও গোলমেলে। হি হি হি…"
" কী ? আমি গোলমেলে ?" হাত বাড়িয়ে চুল ঘেঁটে দিল দেবব্রত! হাসতে হাসতে ছুটে পালায় অম্বালিকা।
দূরে গিয়ে বলে," হুঁ, গোলমেলে, কিন্তু তুমি আমার খুব ভালো বন্ধু। ব্যস ! খুশি ? চলো! আজ একটা সিনেমা যাবে ?"
"পাগলি ! আমি সিনেমা কতযুগ দেখিনি। আর ইচ্ছে করে না। তুমি যাচ্ছো ? কী সিনেমা ?"
"নাঃ! যাচ্ছি না। তোমার সাথে আড্ডা মারছি।"
বলে কনুইটা পেঁচিয়ে বসল ঘন হয়ে।
বেশ কাটছিল দিনগুলো। দেবব্রত যেন একটু একটু করে প্রাণ ফিরে পাচ্ছিল। আর অম্বালিকা মেতে ছিল জ্ঞান আহরণের নেশায়। আজকাল কোনো কোনো দিন অম্বালিকার মুখ শুকনো দেখে। একদিন জিগ্যেস করেছিল,
"কী হয়েছে বালী! যূথীফুলের মুখ শুকনো কেন ?"
"আমি পড়ব স্যর ! তুমি অন্তত আমার সাথে থাকো!"
দেবব্রত ঠান্ডা মাথায় প্রশ্ন করে,
"কী হয়েছে ! কেউ কষ্ট দিল তোমায় ?"
কান্নায় ভেঙে পড়েছে বালি,
"আমি এখনই সংসারে জড়াতে চাই না স্যর ! একটা বাচ্চা মানে…অনেক দায়িত্ব…আমি রেডি নই, রেডি নই!"
দেবব্রত চুপ! নাঃ এ ব্যাপারে তার কিছু মত থাকতে পারে না। কিন্তু সত্যিই, মেয়েটার আরেকটু সময় দরকার ছিল। ও মাথায় হাত রেখে চুপচাপ থেকেছে। মেয়েটা বড় বড় চোখে মুখের দিকে তাকিয়ে একটু প্রশ্রয় খোঁজার চেষ্টা করছিল হয়তো ! তারপর…আর আসেনি তিনদিন।
এর মধ্যে কোথায় যেন, ফোঁটা ফোঁটা অন্ধকার জমে তৈরি হচ্ছিল একটা ছায়া পৃথিবী।… তার খবর রাখেনি কেউ…
বোঝা গেল সেইদিন! যেদিন সাত্যকি হঠাৎ লাইব্রেরিতে ঢুকে চেঁচিয়ে উঠল, "তোমার জন্য কি আমি এখনও একটু শান্তি পাব না ? ইয়েস, তোমার শিক্ষা, তোমার নাম, তোমার পরিচিতি ইয়েস, ইয়েস, ইয়েস!! আমায় ছোটোবেলা থেকে তাড়া করে বেড়ায় ! 'সাত্যকি রেজাল্ট কী করল ! দেবব্রত এমন ছিল।'.... 'সাত্যকি দেবব্রতর মতো দেখতে হলো না কেন!'... উঃ সবসময়ের কম্প্যারিজন, আমার লাইফ হেল করে দিল! দ্য গ্রেট ডঃ ডি. স্যানিয়েলের পুত্র । আমি যেন শুধুই তোমার ছেলে, অন্য কেউ নই। হ্যাঙ্ ইয়োর অ্যাপ্লায়েড এথিক্স ! হিপোক্রেসি! হিপোক্রেসি! দেয়ার শ্যুড বি আ লিমিট !"
যেমন এসেছিল তেমনই বেরিয়ে গেল সাত্যকি।
ঠিক বুঝতে পারল না দেবব্রত, হঠাৎ সাত্যকির কী হলো ! নিজের মধ্যে আঁতিপাঁতি করে খুঁজল, বারবার খুঁজল! কেটেকুটে টুকরো টুকরো করে খুঁজল! নাঃ ঠিক বুঝে উঠতে পারল না, তবুও… কী অন্যায়টা সে করেছে !
ওঃ ওদের মধ্যে ঝগড়াঝাঁটি হয়ে থাকবে বোধহয়। যদি সেটা হয়, ছেলেটার তবু একটা স্বাভাবিক সম্পর্ক হয়েছে।
দেবব্রত আর কল্যানী তো ঝগড়ার স্বাদ পায়নি কখনও। বারবার মনে হয়েছে, ওর বাড়ি ফিরতে দেরি হলে, কেন রাগ করে না কল্যানী, কেন একদিনও কিছু বায়না করে না ? কী অসম্ভব শান্ত সে ! যেন জীবন্ত একজন নিখুঁত মূর্তি ! যেন শিল্পীর তুলিতে আঁকা অসাধারণ এক ছবি ! ওর মনটাও অত্যন্ত ঋজু। কোথাও কোনো চড়াই উতরাই নেই। প্রত্যেকটি কাজ মেপে করে, 'উচিত'-এর এক চুল অন্যথা হয় না। কোনো চাহিদা নেই। কোনো অভিযোগ নেই। চুপচাপ দেবব্রতর সবকিছু লক্ষ রেখে যায়! একেবারে নিখুঁত ওর কর্তব্যবোধ।
দম আটকে আসে দেবব্রতর! দম আটকে আসে…
আজ অবধি দেবব্রতর সামনে যখনই এসেছে, হাসি মুখ তুলে দাঁড়িয়ছে, চোখে চেয়ে ! দেবব্রতর মনে হয়, ও কি যন্ত্র ? ওর ইচ্ছে নেই? আশা নেই ? কখনও কখনও ইচ্ছে করে! কঠিন আঘাত দিতে!
কোনোদিন হয়তো প্রবল আক্রোশে নিষ্পেষণ করতে চেয়েছে, লাগবে জেনেও ! কল্যানী হাসিমুখে সহ্য করেছে সব। সে লাস্যময়ী হয়েও উঠেছে হয়তো! কিন্তু দেবব্রতর মনে হয়েছে, বড় মেকি, বড় এথিক্যাল ! জ্বালা ধরে গেছে শরীরে…
এথিক্স ! এথিক্স !
ছিঁড়ে ফেলতে চেয়েছে সবকিছু । ভেবেছে, পরিবর্তন দরকার। খুব দরকার। কিছু না বলে চলে গেছে দু-তিনদিনের জন্য। তিনদিন পরে ফিরে দেখেছে,কল্যানীর নির্ঘুম চোখ। মিষ্টি হেসে বলেছে, "সব ঠিক আছে তো ? রেস্ট নাও। কী খাবে বলো, হেভি? না লাইট কিছু দেব ?"
উঃ! এ কী বাড়ি ? না ফাইভ স্টার হোটেল ?
নিষ্ঠুর ভাবে কল্যানীকে সবার সামনে উপেক্ষা করেছে! কিন্তু… নাঃ! তাকে টলানো যায়নি। ওর কোনো দোষ বার করতে পারেনি দেবব্রত, একেবারে পারফেক্ট সহধর্মিনী। চারিদিকে ওর উজ্জ্বল উপস্থিতি ঝলমল করে…! ওকে দূর থেকে প্রশংসা করা যায়! কিন্ত…
দেবব্রত যেন হেরে যাচ্ছিল ওর কাছে। মনে হয়েছিল, আবেগহীন ভালোবাসা, অনেকটা… অনেকটা… কাশ ফুলের মতো…
ওকে ফুল বলে কেন ?
আস্তে আস্তে নিজেকে বন্দি করে ফেলেছিল লাইব্রেরিতে। মেয়েটা এসে…
******
গাড়ি থেকে অম্বালিকাকে ধরে ধরে নামিয়ে আনল একজন নার্স। বাড়ির সবাই অবাক…!
"কী হয়েছে ওর?"
"কোথা থেকে এল, এখন !"
"কোনো এক্সিডেন্ট নাকি !"
দেবব্রত দাঁড়িয়েছিল ওর লাইব্রেরির দরজায়।
ওরা অম্বালিকাকে দোতলায় নিয়ে যাচ্ছে। যাবার সময় একবার মেয়েটা তাকাল দেবব্রতর দিকে। দেবব্রত অস্ফুটে বলল, "বালি !"
সেই প্রথম… হ্যাঁ সেই প্রথম, কল্যানী এসে দাঁড়িয়েছিল মুখোমুখি। বিরক্তি ছিল, ঘৃণা ছিল, ধিক্কার ছিল দৃষ্টিতে ! দেবব্রত অনেকদিন পরে, অস্ফুটে উচ্চারণ করেছিল, "কলি!"
কল্যানী চলে গিয়েছিল। নিঃশব্দে। দেবব্রতর গা-টা কেমন ছমছম্ করে উঠেছিল সেদিন…
বালি এটা কী করল ? সাত্যকি জানে ? ওর বাড়ির সবাই ? কিন্তু এ কী ভাবছে দেবব্রত ! এ তো একমাত্র অম্বালিকাই ঠিক করবে…একমাত্র অম্বালিকা। অ্যাপ্লায়েড এথিক্স। পাল্টানো দরকার বস্তাপচা ধারণা। হ্যাঁ অম্বালিকার এ অধিকার আছে ! নিশ্চয়ই আছে। মাকেই সিংহভাগ সামলাতে হয়। তবে সাত্যকি কি…!
খানিকক্ষণ পরে, সাত্যকির ঘর থেকে তুমুল অশান্তির শব্দ এসেছিল।
"ভেবেছ কী ! তোমার একার সন্তান! হাউ ডেয়ার ইউ ডু দিস ? আর ইউ এ লেডি ! অর… ?"
"অর ? স্পিক আউট সাত্যকি ! আমি উইচ্ ? কী চাও ? আমি পড়াশোনা, ভবিষ্যৎ সব ছেড়ে বাচ্চার আনন্দে মশগুল হয়ে কাটিয়ে দেব ! তারপর একদিন আমায় বলা হবে, 'বিরক্ত করো না, মাইন্ড ইওর ওন বিজ়নেস্ !' ব্যাস ? নো সাত্যকি ! দ্যাটস্ নট পসিবল।"
দেবব্রতর মনে হলো, একবার ওর যাওয়া দরকার। সাত্যকি হয়তো খুব রেগে গেছে। অম্বালিকা অসুস্থ। ওদের মা যাবে না। তার এথিক্সে বাঁধবে! বেরিয়ে দেখল, পাথরের মতো দাঁড়িয়ে আছে কল্যানী।
ওপরে সাত্যকির গলা…
"কী প্রয়োজন চাকরির ! টাকার অভাব ?"
"আমার বাঁচার প্রয়োজন সাত্যকি, তুমি বুঝবে না"
"তা তো বুঝবই না! তোমার সব বুঝবে ঐ প্রোফেসর! তোমার মাথাটা ও বিগড়ে দিয়েছে !"
"শাট আপ সাত্যকি ! স্যরের সম্পর্কে একটাও বাজে কথা নয়। তোমার আত্মসম্মান বোধ থাকলে এ কথাগুলো বলতে না।"
" জানি আমার থেকেও ও তোমার প্রিয় "
"হ্যাঁ প্রিয় ! তো ? উনি তোমার…"
"এনাফ ! ও আমার শত্রু!"
দেবব্রতর পায়ের তলায় মাটিটা কাঁপছে কেন ? সব আলো কি নিভে গেল! কানদুটো বধির! বুক থেকে বমির মতো কী একটা উঠে আসছে… চোখের সামনে একটা ঘষা কাচের দেওয়াল! পাদুটো আর শরীরটাকে সোজা রাখতে পারছে না…
জ্ঞান যখন ফিরল, চোখের সামনে যে মুখটা ঝুঁকে আছে, সেটা অম্বালিকার। বলল,"এখন কেমন লাগছে স্যর ?"
দেবব্রত উঠে বসল,
"বালি! তুমি রেস্ট নাও। ঘরে যাও! খাওয়া হয়েছে কিছু ?"
অম্বালিকা মুখ নামিয়ে বসে আছে দেখে মাথাটা টেনে নিল দেবব্রত। "তোমার বাড়ি যাবে ?"
" না স্যর! মা-বাবা কেউ আমাকে সাপোর্ট করেনি। সাত্যকি ওদের যা তা বলেছে। অপমান করেছে। আমার কোথাও জায়গা নেই স্যর। তোমার লাইব্রেরিতে থাকতে দেবে ? প্লিজ়!"
******
ট্রেনটা কোথায় দাঁড়াল ? জানলার ওপারে বাস্তবের মায়াময় রাত। ঘড়িতে দেখলাম, একটা পঁয়ত্রিশ। স্টেশন ডাল্টনগঞ্জ। একটা দশে রাইট টাইম ছিল। এটুকু দেরি স্বাভাবিক বলেই ধরে নেওয়া যায়।
এ্যাপ্লায়েড এথিক্স ? কে জানে…!
একটিমাত্র চা ওয়ালা। আমি উঠে গেলাম।
দুহাতে চা নিয়ে পা দিয়ে কাচের দরজা খুলতে গিয়ে দেখলাম, ঐ সুন্দরী ভেতর থেকে খুলে দিলেন। এবার ঘাড় ঝাঁকিয়ে 'থ্যাঙ্কস' বলার সুযোগ পেলাম। এসে দেখি, বন্ধ চোখে…
"…ইউ ক্যান হিয়ার দ্য হুইসল্ ব্লো…"
ট্রেন ছাড়ল। বললাম, "একটু চা নিন। সারারাত আপনার ঘুম হলো না।"
চায়ে চুমুক দিয়ে হয়তো গুছিয়ে নিলেন কথাগুলো।
****
– সেদিন অম্বালিকা ওর সামান্য জিনিসপত্র নিয়ে চলে গিয়েছিল লাইব্রেরিতে । আর দেবব্রত নিজের ঘরে… আজ প্রায় দশবছর পরে। ভেতর থেকে দরজা বন্ধ!
"কল্যানী! দরজা খুলবে ? আজ লাইব্রেরিতে অম্বালিকা…"
দরজা খুলে গেল। একটা চাদর আর বালিশ নিয়ে কল্যানী দাঁড়িয়ে আছে। খুব স্বাভাবিক ভাবে বলল, "চাদর পাল্টে দিয়েছি!"
"তুমি ?"
"গেস্ট রুমটা তো ফাঁকাই থাকে, আমার হয়ে যাবে। আমি অতি সাধারণ মানুষ।"
দেবব্রত চলে এসেছিল। ভেতরটা শক্ত হয়ে উঠেছিল! কী অপরাধ তার ? এত অসম্মান কেন সহ্য করা ? সব নিয়ম ভেঙে বেরিয়ে যাবে সে। হ্যাঁ হ্যাঁ বেরিয়ে যাবে। ইউথেনেশিয়া ! সম্পর্কের ইচ্ছামৃত্যু ! হয় না ? খুব হয়…এপ্লায়েড এথিক্স…!
লাইব্রেরিতে ঢুকে দেখল, আলো জ্বলছে। একমাত্র বিছানায় গুটিশুটি মেরে ঘুমোচ্ছে অম্বালিকা। চোখের তলায় কালি ! অসহায় লাগছে দেখতে!
বড্ড মায়া লাগল… ওকেও এই বৈবাহিক সম্পর্কটা বয়ে বেড়াতে হবে ? ও কি সত্যিই আর সাত্যকিকে ভালোবাসতে পারবে ? কে জানে ! আজ আর ঘুম আসবে না। একটা রাতপাখি ডাকে রোজ। আজ আর ডাকছে না। দেবব্রত বারান্দায় গিয়ে দাঁড়াল।
কতক্ষণ দাঁড়িয়ে ছিল খেয়াল নেই। কেমন যেন ঘোরঘোর ভাব। অপমানেরও একটা ঘোর আছে। চোখের সামনে একটু একটু করে অন্ধকার কাটছে…
দেবব্রত ওর কিটব্যাগে অত্যন্ত প্রয়োজনীয় কিছু গুছিয়ে নিল। বইপত্র, সার্টিফিকেট, আইডেন্টিটি কার্ড , এ টি এম কার্ড, কিছুটা টাকাপয়সাও। পরে আবার একবার আসতেই হবে। তখন পাকাপাকি ব্যবস্থা হবে। আপাতত…
যেতে গিয়ে অম্বালিকার দিকে চোখ পড়ল। পালাচ্ছে কি ও? নাঃ! ফোন তো রইলই…একটা কিছু ব্যবস্থা হয়ে গেলে ফিরবে শেষবারের মতো।
অম্বালিকার ফোনে মেসেজ করল," চললাম। ঠিকানা হলে, জানাব।"
******
দেবব্রত বেশ গুছিয়ে নিয়েছে, একটা আধাশহরে। একটা স্কুলে পড়ায়। আর পেনশন যা পায়, তাতে রাজার মতো থাকা যায়। ছোট্ট বাড়িটা ছবি ছবি, ঘরের কোলে বারান্দা।
একমাত্র অম্বালিকা জানে এ ঠিকানা। ওকে বলেছে, নিজের ইচ্ছে মতো বাঁচতে ! ওর সামনে দীর্ঘ জীবন… দেবব্রত খুব নিশ্চিন্ত হবে, যদি অম্বালিকা খুশি থাকে!
সেদিন স্কুল থেকে ফিরে দেখল, বারান্দায় কে যেন বসে আছে। কাছে আসতেই ছুটে এসে জড়িয়ে ধরল অম্বালিকা। বুকে মাথা ঘষতে ঘষতে বলল, "তাড়িয়ে দিও না, আমায় তাড়িয়ে দিও না স্যর! তোমার মেসেজ পেয়ে অনেক চেষ্টা করলাম নিজেকে বোঝানোর। কিন্তু পারলাম না। পারলাম না স্যর ! তুমি আমায় এখানে থাকতে দাও!"
একটু হতভম্ব দেবব্রত। বালির কপালে ক্ষত এখনও রক্তাক্ত। চোখের কোলে কালসিটে। জানাই ছিল, ও সাত্যকির সাথে থাকতে পারবে না। ও এখানে আসতে চেয়েছিল আগেই। দেবব্রতর খুব ইচ্ছে করত, আসুক ও। হাসি আর আনন্দে কাটুক শেষ জীবনটা। কিন্তু তা হয় না, অম্বালিকার জীবন পড়ে আছে।
তাই রাজি হয়নি। অথবা সাহস হয়নি! আজন্মের বিচারক মনটা বাধা দিয়েছিল। সাত্যকি তার আত্মজ ! ও লিগ্যালি তার স্ত্রী এখনও। সাত্যকি সহজে মুক্তি দেবে না ওকে।
আজ অম্বালিকাকে জড়িয়ে ধরে, বাঁচার লোভ হলো । কার কী এসে যায়, ওর ভালো থাকা, না থাকায় ! কার কী এসে গেছে এতদিন! দেবব্রত যখন দিনের পর দিন মানসিক যন্ত্রণা বয়ে বেড়িয়েছে ? আজ যদি খুশিতে থাকে, কীসের পরোয়া ? নাঃ অম্বালিকা থাকুক। যতদিন খুশি থাকুক। তবে ও স্বাধীন…সব বন্ধনহীন…
দেবব্রতর বুকের মধ্যে পরম নিশ্চিন্ত অম্বালিকা, তৃষ্ণার্ত চাতকী… একটা স্পার্ক মুহূর্তে আলো করে দিল অন্ধকার। দেবব্রত দুহাতের মধ্যে ওর মুখ নিয়ে ডাকল, "বালি…"
সামাজিক পরিষেবা নিতে হলে, মূল স্রোতে থাকতে হলে, সমাজকে জানাতে হবে, সম্পর্কের নাম। এথিক্স। জীবনের সমস্যার ধরণ অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী নীতি পাল্টায় ! এ্যাপ্লায়েড এথিক্স।
দেবব্রত আর অম্বালিকা একসাথে চৌকাঠ পেরিয়ে পা রাখল ঘরে।
********
ভদ্রলোক চুপ করে আছেন। চোখ জানলায়।
ট্রেনের শব্দ এ সি তে পাওয়া যায় না। বড় বেশি নিস্তব্ধ লাগছে আমার। উঠে বাইরে এলাম। ব্যাপারটা সত্যি অদ্ভুত। কিন্তু কিছুতেই মন থেকে ঘৃণা করতে পারছি না। কেমন যেন, অস্বস্তি হচ্ছে! একটা সিগারেট ধরিয়েও পুরোটা শেষ করতে পারলাম না। ফিরে গেলাম। ভদ্রলোকের চোখ বন্ধ। দুটি জলের ফোঁটা গড়িয়ে পড়ার মতো যথেষ্ট বড় হয়নি এখনও।
আমার পরের স্টোরিটা জমে যেতে পারে। এ পৃথিবীতে বোধহয় সম্পর্কই সবচেয়ে আশ্চর্য আর বিচিত্র।
এর পরেও কি কিছু বলার থাকে ?
চোখ খুললেন ভদ্রলোক।
*****"
দেবব্রতর দরকার ছিল, একবার বাড়িতে যাওয়া। সাত্যকিকে দেখা। যখন পৌঁছল, তখন রাত হয়ে গেছে। কয়েকটা জিনিস নিয়ে চলে যাবে কোনো হোটেলে। গেটে তালা দেওয়া থাকলেও একটা সিক্রেট লক খোলা যায়। কাউকে দেখতে না পেয়ে, গ্রিলের ফাঁকে হাত ঢুকিয়ে, সিক্রেট লকের সুইচে চাপ দিল। বাগানটা কেমন শুকনো, জল দেয়নি নাকি ? কলিং বেল বাজাতে গিয়ে দেখল, দরজা খোলা। ঢুকল । কোথাও কেউ নেই। আলোগুলো সব জ্বলছে। যেন সবাই এক্ষুণি ছিল। ডাইনিং এর মেঝেতে জুতোর দাগ, ধুলো। লাইব্রেরি অন্ধকার। আলো জ্বালতেই একটা বেড়াল পালিয়ে গেল। আশ্চর্য! ওরা কোথায় ?
কল্যানীর ঘরে আলো জ্বলছে। দরজা অর্ধেক খোলা। কল্যানী খাটের ওপর শুয়ে রয়েছে। সাত্যকি কোথায় ? সিঁড়ি দিয়ে উঠে ডানদিকে শোবার ঘর। বাঁদিকে ওর কাজের ঘর, ফোটো স্টুডিও। ছবি ওর প্যাশন। ডানদিকের ঘরে সাত্যকি বসে আছে চেয়ারে। মূর্তির মতো। ওর পিছনটা দেখতে পাচ্ছে দেবব্রত। বাড়িতে ঢুকে মনে হচ্ছে, কতকাল ধরে এরা একভাবে রয়েছে। নিষ্প্রাণ, স্থির। দেবব্রত নেমে এল সন্তর্পণে। নাঃ এ হয় না… এভাবে চলতে পারে না!
যা-ই করা হোক, যত পরিবর্তন যত উদারতাই আসুক। কাজের ফল ভালো হওয়া জরুরি। এতে কার ভালো হবে ? কল্যানী, সাত্যকি, অম্বালিকা ? নাঃ! এ হয় না, হয় না !
দেবব্রত আস্তে করে বেরিয়ে এল। বাড়ির পিছনে বাহাদুরের ঘরে কথার শব্দ, বাচ্চার কান্না। ডাকল,
"বাহাদুর!"
হন্তদন্ত হয়ে বেরিয়ে এল বাহাদুর।
"জ্বী সাব, আপ আ গয়ে!"
"এ সব কী ? বাড়ির এ অবস্থা কেন ?"
মাথা নিচু করে সে যা বলল—
দেবব্রত চলে যাওয়ার পর, সবাই খুব বিরক্ত করেছে এদের। অযাচিত দুঃখ প্রকাশের লোকের অভাব নেই। তারপর অম্বালিকা সত্যিটা রীতিমতো স্পষ্ট ভাষায় জানিয়ে চলে যেতে, কল্যানী বাড়িতে কাউকে ঢুকতে বারণ করেছে। প্রায় দুদিন হলো ওরা খায়নি কিছু। বাহাদূরের ছেলের জ্বর তাই…
দেবব্রত ওর দরকারি জিনিসপত্র নিয়ে নিঃশব্দে বেরিয়ে এল, ডাক্তারকে একটা ফোন করতে হবে! ওরা মরে যাবে যে!
*******
"আর অম্বালিকা ?" জিজ্ঞেস করে বসলাম। আমার আর ধৈর্য নেই!
"অম্বালিকার কাছে ফিরে এল দেবব্রত। কিছু জিনিস এখান থেকেও নিতে হবে। ব্যবস্থা করতে হবে, অম্বালিকার চাকরির। একটা ফোন কলের ব্যাপার শুধু।
অম্বালিকা এসে দাঁড়িয়েছিল কাছে! হাত জড়িয়ে বাহুতে মাথা রেখে বলেছিল,
"তুমি এত দেরি করলে ! জানো আমার ভয় করছিল!"
দেবব্রতর চোখ শিরশির করে উঠল। মাথায় আদর করেছিল, সুগন্ধ নিয়েছিল বুক ভরে,
"ভয় করো না বালি, কাউকে ভয় করো না। যে সাহস আমার বালি দেখিয়েছে, তারপর 'ভয়' শব্দ মানায় না। একটুও মানায় না।"
"স্যর"
"জানো, আমাদের এই জার্ণিটা সমান্তরাল হওয়া ভালো। আমার জগৎ তোমার জগৎ স্বতন্ত্র। তাকে স্বতন্ত্র রেখেই সম্মান দেওয়া যায় না বালি ?"
অম্বালিকার চোখ বড় হয়ে গিয়েছিল। ঠোঁট বেঁকে গিয়েছিল অভিমানে, দূরে চলে গিয়ে বলেছিল,
"জানতাম, আমি জানতাম! তোমরা পুরুষরা পারো না! পারো না সাহস দেখাতে। চলে যেতে বলবে তো আমায় ? বলবে তো ? জানতাম। আমি জানতাম।"
মাটিতে পা ঠুকে চলে গিয়েছিল ভেতরে। দেবব্রত কী করে বোঝায় এই মেয়েকে! দখিনা বাতাস
মহীরুহকে দোলাতে পারে না। শুধু তার পাতাই আন্দোলিত হয়। আস্তে আস্তে ঘরে গিয়ে দেখেছিল, ঘুমিয়ে পড়েছে অম্বালিকা। গুটিশুটি ভঙ্গিতে মনে হয়েছিল, শীত করছে ওর। একটা চাদর টেনে ঢেকে দিচ্ছল, ঠিক সেই সময় খুলেছিল চোখদুটো… শক্ত করে জড়িয়ে ধরেছিল গলা। মুখ গুঁজে দিয়েছিল বুকে।
"তুমি পালিয়ে বেড়াও কেন স্যর ? আমাকে ভালবাসতে পারছো না! তাই না ?"
উচ্ছ্বল একটা ঢেউ ভেঙে পড়েছিল বালুতটে । যে মজবুত নৌকাটা তৈরি ছিল সাগর পাড়ি দেবে বলে, চিড় ধরল তাতেও। খানখান হয়ে বুঝল, ঢেউয়ের খেলার সাথী সে নয়।…
এপ্লায়েড এথিক্স আত্মিক ধ্বংসকে সমর্থন করে না।
******
সকালে ওর বোরোনোর সময় অম্বালিকা দরজায় দাঁড়িয়ে ছিল। দেবব্রত কপালে আদর দিয়েছিল।
একবারও পিছনে না তাকিয়ে চলে গিয়েছিল পথ ধরে। অম্বালিকা জানত না, দেবব্রত আর ফিরবে না। আর কখনও ফিরবে না। ও কি অনন্তকাল দরজায় অপেক্ষা করবে ?
******
ভোর হয়ে গেছে, হু হু করে ছুটছে ট্রেন। আমি নির্বাক। ভদ্রলোক ধ্যানস্থ আবার। চোপান আসতে এখনও একটু দেরি। আমি জ্যাকেট পরে নিলাম। উনি অস্ফুটে আবৃত্তি করছেন,
"আই লেফ্ট হার,
ইন দ্য ডোর ওয়ে ওয়েটিং
এন্ড আই ওয়েন্ট অ্যাওয়ে অ্যাওয়ে
সি ডিডন্ট নো আই উডন্ট কাম ব্যাক…
….আ ডগ পাসড্, আ নান পাসড্
আ উইক অ্যান্ড আ ইয়ার পাসড্,
রেইন ওয়াসড্ আউট মাই ফুটপ্রিন্টস্…"
********
একটা অস্বস্তি ঘিরে ধরছে যেন। কিছুটা নীরবতা, তারপর স্বর আরও এক পর্দা নামল,
" এই পর্যন্তই ডায়রিতে লেখা ছিল। প্রায় তিন বছর পর এই ভায়রি সাত্যকি পেয়েছিল অম্বালিকার স্কুলের এক শিক্ষকের কাছে। সাথে একটা চিঠি…অম্বালিকা স্কুলের সিঁড়ি দিয়ে হঠাৎ পড়ে গিয়ে ইন্টারন্যাল হেমারেজ হয়ে কোমায়। ওর ঘর ঘেঁটে এই ডায়রি আর সাত্যকির নাম ঠিকানা পাওয়া গিয়েছিল।"
বললাম, "সাত্যকি গেলেন ?"
" হ্যাঁ। কল্যানীও। কল্যানী ওর ভাবমূর্তি ভাঙেননি। নিঃশর্ত আইনানুগ মুক্তিপরোয়ানা লিখে দিয়েছিলেন।
অম্বালিকা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছিল। কিন্তু ওর পা দুটো আর সচল হলো না, একটা অপারেশন দরকার ছিল। অম্বালিকা রাজি হয়নি, বলেছিল ও অপেক্ষা করবে। ওর বিশ্বাস দেবব্রত আসবেই।
ঐ ছোট্ট বাড়িটায় অম্বালিকা সত্যিই অপেক্ষা করে, আজও।"
"আর সাত্যকি ?"
"সে রোজ চোখের সামনে, অম্বালিকার তপস্যা দেখে, আর দেবব্রতর খোঁজ করে চলে। শেষ পর্যন্ত…!"
"পাওয়া গেল?"
একটু হেসে বললেন,
"হয়তো ! দীর্ঘ তিন বছর পর, একটা খবর পেয়েছে। তাঁকে এনে দিলে, তবেই তো ছুটি সাত্যকির।"
তৃপ্ত গলায় চলন্ত দৃশ্যের দিকে চোখ রেখে, আত্মগতভাবে বললেন,
"সাত্যকি প্রোফেসর নয়, মহান নয়, দেবব্রতর ভীষণ আকর্ষক ব্যক্তিত্ব তাকে বাবা বলে কাছে আসতে দেয়নি। কিন্তু অ্যাপ্লায়েড এথিক্সটা সাত্যকি বোঝে!"
এবার চোপান আসছে। উঠে লাগেজ বার করে নিলাম। মনে একটা প্রশ্ন উথাল-পাথাল করছিল। আর সুযোগ পাব না। বলেই ফেলি,
"ইয়ে মানে উনি কোথায় ?"
"মধ্যপ্রদেশের বনাঞ্চলের কোনো ছোট্ট গ্রামে।"
অবাক হলাম, "সরাইগ্রাম ! আপনি…?"
খোলা আকাশের মতো হেসে হাত বাড়িয়ে দিলেন, "সাত্যকি! সাত্যকি সান্যাল! সন অফ দ্য গ্রেট ডঃ ডি স্যানিয়েল!"
চোপানে দাঁড়িয়ে গেল ট্রেন। আরো কয়েকজন নামবেন। আমি দরজা ছেড়ে দাঁড়ালাম। শেষ দেখব না ? খুব ইচ্ছে করছে একবার প্রফেসরকে দেখতে। কিন্তু বলব কীভাবে !
একবার চেষ্টা করা যাক।
ফিরে এলাম সিটে। সাত্যকি জিজ্ঞাসু চোখে তাকালেন। বললাম,
–"যদি কিছু মনে না করেন!"
–"যাবেন আমার সাথে?"
আরো একবার স্তম্ভিত আমি।
অসাধারণ ইন্টেলিজেন্সি। এঁকে শ্রদ্ধা না করে পারা যায় ?
*******
বসে আছেন মুখোমুখি, সাত্যকি আর দেবব্রত। ওঁদের ছেড়ে দিয়ে, "একটু ঘুরে আসি" বলে বেরিয়ে পড়লাম। লালমাটির রাস্তা পেরিয়ে প্রায় লোকালিটির শেষে দেবব্রতর একলা ঘর। এখাকার আদিবাসী ছেলেমেয়েদের পড়ান । আসার পথে ওঁর নাম করে দেখেছি, "মাষ্টার" বলতে অজ্ঞান স্থানীয় মানুষ।
কী করবেন দেবব্রত ! সাত্যকির অধ্যাবসায়, কল্যানীর ত্যাগ, অম্বালিকার বিশ্বাস, সব ব্যর্থ করে দেবেন ? নাকি …!
–"এই যে! মিঃ সমাচার দর্পন! কিছু খাবেন
নাকি ? সময় নেই, যেতে হবে এবার।"
দেখলাম প্রফেসর জিনিসপত্র গুছিয়ে নিয়েছেন।
–"না না! কিছু লাগবে না ! চলুন ।"
দোমহানিতে এলাম যখন, নরম রোদে ছবি ছবি বাড়িটা সারারাতের জাগরণ -ক্লান্ত চোখকে আরাম দিল। স্থির…প্রতীক্ষারত ! অবিচল প্রেমিকার মতো। সাত্যকির চোখে তাকাতে সাহস হলো না। কিছু কিছু চোখ থাকে, গভীরতা মাপা যায় না…ওঁরা এগিয়ে গেলেন।
হে পাঠক, আমরা বরং একটু দাঁড়িয়ে যাই ! সম্মান জানাই।
একজন পুত্র তার পিতার হাতে তুলে দিক তার প্রেমাস্পদাকে । সৃষ্টি হোক ইতিহাস। জয় হোক প্রেমের। দেশ-কাল-নিয়মের ঊর্ধে প্রতিষ্ঠিত হোক বিশুদ্ধ প্রেম।
হে মহাকাল ! স্তব্ধ হও!
স্তব্ধ হও! ক্ষণকাল।
★সমাপ্ত★
★[কবিতা—"The unhappy one" by
Pablo Neruda.
গান—-500 miles]
Comments
Post a Comment